কুড়িগ্রামের উলিপুরে অবৈধ দখলে থাকা প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১০ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসকের নির্দেশনায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় এক উচ্ছেদ অভিযান চালিয়ে ৭০ শতক জমি দখলমুক্ত করা হয়। উদ্ধার করা জমির আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
জেলা প্রশাসন জানায়, উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় ২৪৬৮ দাগে ৬৫ শতক এবং ২৪৭১ দাগে আরও ৫ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। অভিযানের মাধ্যমে এসব জমি পুনরুদ্ধার করা হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।