মধ্যরাতে হাবিপ্রবিতে সংঘর্ষ, আহত ৮

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নুর হোসেন ও এক্সটেনশন হলের শিক্ষার্থীদের মধ্যে বৃহস্পতিবার (৯ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নুর হোসেন হলের ২৫ ব্যাচের এক শিক্ষার্থীর সঙ্গে নুর হোসেন (এক্সটেনশন) হলের ২৪ ব্যাচের শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। পরে ডি-বক্সের সামনে বিরোধ মীমাংসার সময় আবারও উত্তেজনা সৃষ্টি হলে দুপক্ষের মারামারি শুরু হয়। একপর্যায়ে দুই হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এ সময় একে-অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং লাঠি নিয়ে হামলা করে। রাত সাড়ে ১১টার দিকে শুরু হওয়া সংঘর্ষ থামাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল সুপার ও শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে চেষ্টা করেন। কিছু সময় পরিস্থিতি শান্ত হলেও পরে আবার উস্কানিতে নতুন করে সংঘর্ষ শুরু হয়। শেষ পর্যন্ত রাত ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো.নওশের ওয়ান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। শিক্ষক ও প্রশাসনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি প্রাথমিকভাবে সমাধান হয়েছে। পুনরায় সবাই বসে এর একটি স্থায়ী সমাধান করা হবে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার মাসুদ রানা জানান, ভোরে হাবিপ্রবির চার ছাত্র দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হয়েছিল। সকালে তারা স্বেচ্ছায় চলে যায়।

নুর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ বলেন, সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।