পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন আলোচনার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরান সৎভাবে এগোলে যুক্তরাষ্ট্র তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এয়ার ফোর্স টু-তে ওঠার আগে ভান্স বলেন, আমরা এই আলোচনা নিয়ে আশাবাদী।
তিনি আরও বলেন, ইরান যদি সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইতিবাচক সাড়া দেবে। তবে তারা যদি প্রতারণার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার বিষয়ে তাকে নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট আগেই জানিয়েছেন, শনিবার শুরু হতে যাওয়া এই আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। এই আলোচনায় বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ভান্সের সঙ্গে থাকবেন।
তবে পাকিস্তানে অবস্থানরত সংবাদদাতার তথ্য অনুযায়ী, ইসলামাবাদ এখনও ইরানি প্রতিনিধিদলের আগমনের অপেক্ষায় রয়েছে।