রেফারিকে মারধর করে নিষিদ্ধ মিশরের তারকা গোলরক্ষক

মিশরীয় ফুটবলের অন্যতম বড় তারকা এবং আল-আহলি গোলরক্ষক মোহাম্মদ এল-শেনাউইকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গত মঙ্গলবার মিশরীয় প্রো লিগে সিরামিকা ক্লিওপেট্রার বিপক্ষে ম্যাচ শেষে রেফারির মাথায় আঘাত করায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে লিগ কর্তৃপক্ষ।

ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। অতিরিক্ত সময়ে আল-আহলির পক্ষে একটি হ্যান্ডবলের দাবিতে পেনাল্টি না দেওয়ায় ক্ষুব্ধ হন বেঞ্চে থাকা শেনাউই। ম্যাচ শেষে তিনি মাঠে নেমে রেফারির সঙ্গে তর্কে লিপ্ত হন এবং একপর্যায়ে রেফারিকে ধাক্কা দেন। লিগ কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ‘রেফারিকে হাত দিয়ে আঘাত বা ধাক্কা দেওয়ার কারণে তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার মিশরীয় পাউন্ড জরিমানা করা হয়েছে।’

৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক মিশরের জাতীয় দলের অপরিহার্য সদস্য। ২০২৫ সালের আফ্রিকা কাপ অফ নেশনসে তিনি ছিলেন দলের প্রথম পছন্দের গোলরক্ষক। আগামী জুনে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপেও মিশরের স্কোয়াডে তার থাকা নিশ্চিত। এমন সময়ে লিগে এই নিষেধাজ্ঞা তার প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমান চ্যাম্পিয়ন আল-আহলি বর্তমানে লিগ প্লে-অফের তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী জামালেকের চেয়ে তারা ৫ পয়েন্টে পিছিয়ে। এই নিষেধাজ্ঞার কারণে শেনাউই প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে থাকতে পারবেন না। তিনি কেবল প্লে-অফের শেষ সপ্তাহে মাঠে ফেরার সুযোগ পাবেন।