বৈভবের তাণ্ডবে মুগ্ধ কোহলি দিলেন উপহার

আইপিএলের মঞ্চে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে যাচ্ছেন বৈভব সূর্যবংশী। প্রতি ম্যাচেই যেন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। গতকাল শুক্রবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) একরকম একাই হারিয়ে দিলেন রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী বিস্ময় বালক। মাঠের লড়াই ছাপিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বৈভবকে দেওয়া বিরাট কোহলির উপহার।

আরসিবির দেওয়া ২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে খুনে মেজাজে আবির্ভূত হন বৈভব। বেঙ্গালুরুর বোলারদের তুলাধোনা করে মাত্র ২৬ বলে খেলেন ৭৮ রানের টর্নেডো ইনিংস। ৮টি চার ও ৭টি ছক্কায় সাজানো এই ইনিংসের স্ট্রাইকরেট ৩০০! এই ইনিংসের মাধ্যমে ৪ ম্যাচে ২০০ রান করে টুর্নামেন্টের ‘অরেঞ্জ ক্যাপ’ দখলে নেন বৈভব। রাজস্থান পায় ৬ উইকেটের বড় জয়।

ম্যাচ হারলেও বৈভবের এই প্রতিভা দেখে মুগ্ধতা লুকাননি বিরাট কোহলি। খেলা শেষে তিনি নিজে গিয়ে বৈভবকে অভিনন্দন জানান। রাজস্থান রয়্যালসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কোহলি বৈভবের রাজস্থান রয়্যালস ক্যাপে অটোগ্রাফ দিচ্ছেন। সেখানে তিনি লিখেছেন, ‘প্রিয় বৈভব, অসাধারণ খেলেছ’। বড় তারকার কাছ থেকে পাওয়া এই উৎসাহ বৈভবের জন্য সারাজীবনের এক বড় সম্পদ হয়ে থাকবে।

রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ বৈভবের সহজ-সরল জীবনযাপন ও ব্যাটিংয়ের প্রতি তার ভালোবাসার প্রশংসা করেছেন। ম্যাচ শেষে পরাগ বলেন, ‘সবাই ওকে খুব ভালোবাসে। ও খুব খেতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে। ও ১৫ বছরের ছোট একটা বাচ্চা, ওর ছেলেমানুষিগুলো আমাদের খুব আনন্দ দেয়। ও যেভাবে ব্যাটিং করছে, ও যা চাইবে আমরা ওকে তা-ই দিতে রাজি আছি।’