ইরানের সহায়তা থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালী 'খুব শিগগিরই' খুলে দেওয়া হবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন শান্তি আলোচনার আগে শুক্রবার তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র প্রণালীটি খুলে দিতে কাজ করবে এবং প্রয়োজনে অন্যান্য দেশও সহায়তা দেবে। তবে তিনি স্বীকার করেন, এটি সহজ প্রক্রিয়া হবে না। একই সঙ্গে হরমুজে জাহাজ চলাচলে ইরানের সম্ভাব্য টোল আরোপের পরিকল্পনাও যুক্তরাষ্ট্র মেনে নেবে না বলে জানান তিনি।
ট্রাম্পের ভাষায়, যেকোনো চুক্তির মূল শর্ত হবে—ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। এই শর্ত পূরণ হলেই প্রণালীটি 'স্বয়ংক্রিয়ভাবে' খুলে যাবে।
যদিও মঙ্গলবার দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, তবুও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় স্থবির রয়েছে। বিশ্ব জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে যায়, ফলে পরিস্থিতি বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলছে।
তথ্য অনুযায়ী, যুদ্ধের আগে যেখানে প্রতিদিন গড়ে প্রায় ১৩৫টি জাহাজ চলাচল করত, সেখানে এখন সংখ্যা নেমে এসেছে হাতে গোনা কয়েকটিতে। বর্তমানে উপসাগরে ৬০০টির বেশি জাহাজ আটকা পড়ে আছে।
এদিকে, স্থায়ী সমাধানের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে দুই পক্ষের শর্ত ও প্রস্তাব নিয়ে এখনো মতপার্থক্য রয়েছে।