যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে বেইজিং।
সূত্রগুলো জানিয়েছে, চীন কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাডস) সরবরাহ করতে পারে, যা নিম্নউড্ডয়নকারী সামরিক বিমানের জন্য হুমকি তৈরি করতে সক্ষম। এসব অস্ত্র তৃতীয় দেশের মাধ্যমে পাঠানোর পরিকল্পনাও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ধরনের পদক্ষেপ সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রেক্ষাপটে উত্তেজনা বাড়াতে পারে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির সুযোগে ইরান তার সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে।
তবে ওয়াশিংটনে চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা কোনো পক্ষকেই অস্ত্র দেয়নি এবং এ ধরনের তথ্য ‘ভিত্তিহীন’। একই সঙ্গে উত্তেজনা না বাড়িয়ে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে তারা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ইরান নিম্নউড্ডয়নকারী বিমান লক্ষ্য করে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের দাবি করেছিল। এরই মধ্যে চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।