সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো। পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত ওয়ানডে স্কোয়াডেও নেই ইতিহাসের সেরা এই অল-রাউন্ডার। দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলার যে ইচ্ছা সাকিব প্রকাশ করেছিলেন, তা এখনো অনিশ্চয়তার বৃত্তেই বন্দি। তবে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, সাকিবকে স্রেফ এক সিরিজের জন্য নয়, বরং লম্বা সময়ের জন্যই চান।
সাকিব বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, যেখানে নিয়মিত ক্রিকেটীয় অনুশীলনের সুযোগ সীমিত। সাকিবের বর্তমান অবস্থা সম্পর্কে হাবিবুল বাশার আজ মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘ওর সঙ্গে আমার একবার কথা হয়েছে। আমি মূলত জানতে চেয়েছিলাম ও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কতটা প্রস্তুত। কারণ ও যেখানে আছে, সেখানে নিয়মিত ক্রিকেট বা ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ করা সম্ভব হলেও নিয়মিত ম্যাচ খেলা ছাড়া ছন্দে ফেরা কঠিন। এসব নিয়েই মূলত আলাপ হয়েছে।’
নির্বাচকদের ভাবনায় এখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। বোর্ড চাইছে আগামী ৬-৭ মাসের মধ্যেই বিশ্বকাপের একটি প্রাথমিক দল গুছিয়ে ফেলতে। সেই পরিকল্পনায় সাকিব থাকবেন কি না, তা নিয়ে হাবিবুল বাশার স্পষ্ট করে বলেন, ‘ওর থাকা না থাকা পরের বিষয়। তবে আমরা যদি তাকে চাই, অবশ্যই লম্বা সময়ের জন্য চাইব। সব ঠিকঠাক থাকলে তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রাখাই শ্রেয়। তবে তার আগে প্রস্তুতির বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।’
সাবেক বোর্ড প্রধান আমিনুল ইসলামের সময় সাকিবকে ফেরানোর কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সরকারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। কিন্তু সাকিবের আইনি ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে দেশে ফেরার প্রক্রিয়াটি এখনো ঝুলে আছে। বর্তমান নির্বাচক প্যানেল সাকিবকে দলে পেতে আগ্রহী হলেও আগে মাঠের বাইরের জটিলতাগুলো নিরসন হতে হবে। আপাতত সেই অপেক্ষাতেই আছে বোর্ড।