ঘরে বসে বিভিন্ন দেশের অনলাইন জুয়ার সাইট পরিচালনা, গ্রেপ্তার ৩

ঘরে বসে বিভিন্ন দেশের অনলাইন জুয়ার সাইট পরিচালনা করার অভিযোগে নীলফামারীর কিশোরীগঞ্জে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈস্য পাড়ার মৃত্যু ইব্রাহিম ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৪), মেলাবর পশ্চিম পাড়ার নরেন চন্দ্র রায়ের ছেলে উকিল চন্দ্র রায় (২৪) ও জলঢাকা থানার দুন্দীবাড়ি এলাকার বাহাদুর ইসলামের ছেলে স্বাক্ষর ইসলাম (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বাড়িতে বসে বিভিন্ন দেশের অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে আসছেন। তারা জুয়ার সাইট পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন দেশের ব্যাংক লোন, ভিসাসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষের কাছে টাকা হাতিয়ে নিতেন। অভিযোগের প্রেক্ষিতে ও গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছে ৪টি অ্যান্ড্রয়েড ফোন, ওয়াইফাই রাউটার, ১টি ল্যাপটপ, ১টি ডেস্কটপ কমপিউটার ও ৮৬২টি বিভিন্ন দেশের লটারির টিকিটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে কিশোরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, তারা দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার সাইট পরিচালনা, ব্যাংকের লোনের প্রলোভনসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলেন। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুর ৩টার দিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।