ইরান ‘ভয়াবহভাবে হারছে’ আলোচনার শুরুতেই ট্রাম্প

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাতে ইরান “ভয়াবহভাবে হারছে”। 

ট্রুথ সোশ্যালে দেওয়া দীর্ঘ এক পোস্টে ট্রাম্প দাবি করেন, গণমাধ্যমের সদস্যরা ‘বলতে ভালোবাসেন যে ইরান ‘জিতছে’, অথচ বাস্তবে সবাই জানে তারা হারছে-এবং খুব বড়ভাবে হারছে’। সংঘাত চলাকালে তার প্রশাসনের করা দাবিগুলো তিনি আবারও তুলে ধরেন। 

ট্রাম্প লেখেন, তাদের নৌবাহিনী শেষ, তাদের বিমান বাহিনী শেষ, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত নেই, রাডার ব্যবস্থা ধ্বংস, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানাগুলোসহ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো-তাদের দীর্ঘদিনের ‘নেতারা’ আর আমাদের মধ্যে নেই, আল্লাহর প্রশংসা!” 

ইরানের পক্ষ থেকে সমুদ্রে মাইন পুঁতে রাখার প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন ‘বিশ্বজুড়ে বিভিন্ন দেশের স্বার্থে হরমুজ প্রণালি পরিষ্কার করা শুরু করেছে’।

উল্লেখ্য, এখন ইসলামাবাদে পাকিস্তান সরকারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলছে। আলোচনায় অন্যতম প্রধান শর্ত হিসেবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি প্রাধান্য পেয়েছে। তবে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, ইরান নিজের বিছানো অনেক মাইন খুঁজে বের করতে পারছে না বা সেগুলো কোথায় আছে তার যথাযথ নথিপত্র তাদের কাছে নেই। ফলে শান্তি চুক্তি হলেও এই জলপথটি পুরোপুরি নিরাপদ করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।