ব্রাজিল জাতীয় দলের বিশ্বকাপ দল ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে, সবচাইতে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নেইমারকে নিয়ে। সান্তোসের এই তারকা বর্তমান চক্রে (সাইকেল) এখনও কোনো সুযোগ পাননি, তবে তার মানে এই নয় যে বিশ্বকাপের জন্য তাকে বাদ দেওয়া হয়েছে।
আর এই কথাটি নিশ্চিত করেছেন খোদ কার্লো আনচেলত্তি। ফরাসি সংবাদপত্র লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের কোচ জানিয়েছেন, নেইমার সম্ভাব্য ডাক পাওয়ার সঠিক পথেই আছেন।
'নেইমার ব্রাজিলিয়ান ফুটবলে ইতিহাস গড়েছেন এবং এখনও গড়ে যাচ্ছেন। তিনি একজন অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় এবং মানুষ যে মনে করে তিনি আমাদের পরবর্তী বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারেন, সেটা খুবই স্বাভাবিক। সিবিএফ এবং আমি তাকে পর্যবেক্ষণ করছি। পরবর্তী বিশ্বকাপে খেলার মতো যোগ্যতা তার আছে কি না, তা দেখানোর জন্য তার হাতে এখনও দুই মাস সময় আছে।'
নেইমারকে নিয়ে ইতালিয়ান এই কোচ এতটাই আশাবাদী যে, তিনি ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন তাকে মাঠের কোথায় খেলাবেন, 'মাঠের মাঝখানে (সেন্ট্রালাইজড), গোলপোস্টের আরও কাছাকাছি, ঠিক যেভাবে তিনি বর্তমানে সান্তোসের হয়ে খেলছেন।'
নেইমারের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও তার শারীরিক অবস্থা নিয়ে এখনো অনেক সংশয় রয়েছে। কারণ দীর্ঘ সময় ধরে এই ফরোয়ার্ড টানা ম্যাচ খেলতে পারছেন না, যা বিশ্বকাপে সুযোগ পাওয়ার জন্য একটি অপরিহার্য শর্ত।
এই প্রসঙ্গে আনচেলত্তি বলেন, 'তিনি ১০০% ফিট হয়ে ফিরতে সক্ষম। আমি এটি বারবার বলেছি এবং বিষয়টি খুব স্পষ্ট: আমি কেবল সেই খেলোয়াড়দেরই ডাকব যারা শারীরিকভাবে প্রস্তুত। ডিসেম্বরের হাঁটুর চোটের পর নেইমার ভালোভাবে সেরে উঠেছেন এবং গোল করছেন। তাকে এই ধারা বজায় রাখতে হবে এবং শারীরিক কন্ডিশন আরও উন্নত করতে হবে। তিনি সঠিক পথেই আছেন।'
২০২৬ বিশ্বকাপের জন্য কার্লো আনচেলত্তি আগামী ১৮ মে ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন। ব্রাজিলের 'হেক্সা' জয়ের মিশনে মোট ২৬ জন খেলোয়াড়কে ডাকা হবে।
ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলো: পানামা (ঘরের মাঠ), ৩১ মে; মিশর (নিরপেক্ষ ভেন্যু), ০৬ জুন