মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি, যুবক গ্রেফতার  

কুমিল্লার মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি, যৌন নিপীড়ন এবং তার সহকর্মীকে মারধর ও ভিডিও ধারনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রিফাত (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।শুক্রবার (১০এপ্রিল) বিকেলে উপজেলা সদর এলাকা থেকে যুবককে গ্রেফতার করা হয়। আটককৃত রিফাত মুরাদনগর সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকার মো. রফিকের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মসজিদের সামনে এক নারী উদ্যোক্তা ও তার সঙ্গে থাকা এক ডেলিভারি কর্মীর সঙ্গে কয়েক কিশোরের বাকবিতন্ডা হয়। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া ওই বিরোধ এক সময় হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ওই নারী উদ্যোক্তার ওপর শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন চালায়। এ সময় তার সহকর্মীকে মারধর করে। ঘটনার সময় তারা মোবাইলে ভিডিও ধারণ করে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রিফাতকে আটক করে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ধরণের ঘটনায় জড়ি কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামীকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল। যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।