ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের কথা জানাল হোয়াইট হাউস

ইসলামাবাদে আজ শনিবার (১১ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইরানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন। হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ৪০ দিনের মার্কিন-ইসরায়েলি সামরিক আগ্রাসনের পর দুই সপ্তাহের একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চলাকালীন এই আলোচনা শুরু হয়। 

আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আগে পরোক্ষ আলোচনা হয় বলে জানা গেলেও পরে তাতে পরিবর্তন এসেছে। দুই পক্ষ  সরাসরি মুখোমুখি বসে আলোচনা করছে এবং সেই সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতাকারীরাও সেখানে উপস্থিত ছিলেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর দুই দেশের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের আলোচনা।

আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আল-জাজিরা। ইসলামাবাদে শুরু হওয়া সরাসরি আলোচনা প্রায় দুই ঘণ্টা চলার পর নৈশভোজের বিরতি দেয়া হয়।

উল্লেখ্য, এই বৈঠকের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।