ঢাকা-২ আসনের সংসদ সদস্য সাবেক ডাকসু ভিপি ও প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান বলেছেন, দেশ পরিচালনায় ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসতে হলে শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও মেধাবী হিসেবে গড়ে উঠতে হবে। একটি শক্তিশালী ও উন্নত রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ঢাকা-২ আসনের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও মেধা পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; নৈতিকতা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। শিক্ষার্থীদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক জ্ঞান অর্জনের পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ হয়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে।
এ সময় তিনি শিক্ষার্থীদের মাদক, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকার আহ্বান জানান এবং অভিভাবকদেরও সন্তানের প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লাসহ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।