কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার লাকসামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দৌলতগঞ্জ এতিমখানা মাদ্রাসার সামনে একটি পুকুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো-গন্ডামারা গ্রামের মো. খোকনের ছেলে মো. আফরান হোসেন আরাফাত (৭) এবং একই গ্রামের দ্বীন মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইয়াছিন (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় পাশাপাশি বাড়ির এ দুই শিশু খেলতে গিয়ে অসাবধানবশত পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। শনিবার দুপুরে দৌলতগঞ্জ এতিমখানা মাদ্রাসার এক শিক্ষক অজু করতে এসে পুকুরে দুটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও স্বজনেরা পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাকসুদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।