থেমে নেই তমা

নাচ দিয়ে শোবিজে যাত্রা শুরু হলেও নানা চড়াই উতরাই পেরিয়ে চিত্রনায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন তমা মির্জ। সময়ের সঙ্গে নিজেকে ভেঙেচুরে নতুনভাবে তুলে ধরার চেষ্টাই করে যাচ্ছেন তিনি। যার দরুন বর্তমানে তিনি শুধু একজন অভিনেত্রীই নন বরং গল্পনির্ভর সিনেমার নির্ভরযোগ্য এক মুখ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেও তমা মির্জা ছিলেন প্রচলিত গণ্ডিতে বন্দি। অনেকেই ধারণা করেছিলেন, তার সম্ভাবনার বিস্তার হয়তো এখানেই থেমে যাবে। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন তমা নিজেই।

পরিবর্তনের বড় বাঁক আসে রায়হান রাফী পরিচালিত ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম দিয়ে। এই কাজে চরিত্রের ভেতরের টানাপড়েন, যন্ত্রণা ও সংবেদনশীলতার সূক্ষ্ম প্রকাশের মাধ্যমে তিনি নিজেকে একেবারে নতুনভাবে উপস্থাপন করেন। এরপর ওটিটিতে ‘৭ নাম্বার ফ্লোর’, ‘ফ্রাইডে’, ‘আমলনামা’ এবং সর্বশেষ শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ প্রতিটি কাজেই তমা তার চরিত্রনির্ভর অভিনয়ের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছেন। বিশেষ করে ‘দাগি’তে তার অভিনয় সমালোচক ও দর্শক দুপক্ষের কাছেই প্রশংসিত হয়েছে। পাশাপাশি রাফীর পরিচালনায় আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ছবিতে তমা প্রমাণ করেছেন নিজের অভিনয় প্রতিভা।

তবে বেশ কয়েক দিন ধরেই আলোচনায় নেই তমা। কাজেরও কোনো খবর পাওয়া যাচ্ছিল না তার। খোঁজ নিতেই এই অভিনেত্রী বলেন, আলোচনায় আপাতত না থাকলেও কাজ করছি ঠিকঠাক মতোই। এরই মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের কাজ শেষও করেছি। তবে সেগুলো নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। ফাঁকা আওয়াজে থাকতে পছন্দ করি না। সময় হলেই জানাব।’