শাহজাদপুরে গলাকাটা লাশের পরিচয় মিলেছে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া চরপাড়া গ্রামের ঘাসের জমি থেকে উদ্ধার গলাকাটা লাশের পরিচয় মিলেছে। 

পুলিশ জানায়, মোস্তাকিন হোসেন জাহিদ (১২) নামের ছেলেটি পাবনা সদর উপজেলা ও আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়নের মধুপুর গ্রামের একটি হাফেজিয়া মাদরাসার নজরানা ক্লাসের আবাসিক ছাত্র ও একই ইউনিয়নের সোনাপুর গ্রামের কৃষক মানিক মিয়ার ছেলে। 

গত শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার পর সে মাদ্রাসা থেকে উধাও হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই দিন সন্ধ্যায় তার বাবা মানিক ময়া মাদরাসায় এসে বিষয়টি জানতে পেরে প্রথমে আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নেয়। কোথাও খুঁজে না পেয়ে রাতেই আতাইকুলা থানায় একটি জিডি করেন।

নিহত মোস্তাকিমের বাবা মানিক মিয়া জানান, তার ৩ মেয়ের পর এক ছেলে হয়েছে। ফলে মোস্তাকিম তার খব আদরের সন্তান। তিনি ছেলেকে হাফেজ বানাতে এ মাদরাসায় পড়তে দিয়েছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার (১১ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের  চরাচিথুলিয়া চরপড়া গ্রামের এক কৃষক তার জমিতে ঘাস কাটতে গিয়ে অজ্ঞাত এক কিশোরের গলাকাটা লশ পরে থাকতে দেখে আশপাশের লোকজনকে জানায়। মূহুর্তে লাশ দেখতে সেখানে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ বেলা ৩ টার দিকে ঘটনাস্থলে ছুটে যান। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার কাজ শুরু করেন। এ সময় লাশের পরনে পাঞ্জাবি ও পাজামা পড়া ছিলো। তারা বুঝতে পারেন নিহত কিশোর মাদরাসার ছাত্র ছিল। ফলে তারা সে অনুযায়ী লাশের পরিচয় সনাক্তে অনুসন্ধান শুরু করেন।
উপস্থিত সবার ধারণা তাকে ধরে এনে বলাৎকারের পর গলা কেটে হত্যা করা হয়েছে।
 
এদিকে হত্যাকান্ডের শিকার কিশোরের পরিচয় শনাক্তে এবং হত্যার কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। আপরদিকে সিরাজগঞ্জের সিআইডি পুলিশের একটি টিম লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে ও সিরাজগঞ্জের
পিবিআই টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেন। পরে নিহতের লাশ শাহজাদপুর থানায় আনা হয়। রাত ৮টার দিকে লাশের ছবি, পোশাক ও পায়ের স্যান্ডেল দেখে পরিবারের লোকজন লাশের পরিচয় সনাক্ত করেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয় ও আশপাশের সকল থানায় ম্যাসেজ পাঠানো হয়। 

তিনি আরও জানান, রবিবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ছাড়া এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।