হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরানের টোল আরোপের উদ্যোগ আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) এর মহাসচিব আর্সেনিও ডোমিনগেজ।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো দেশই এই গুরুত্বপূর্ণ জলপথে টোল বা অতিরিক্ত চার্জ আরোপের অধিকার রাখে না। এমন পদক্ষেপ বৈশ্বিক শিপিং ব্যবস্থার জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তা প্রত্যাখ্যান করা।
তিনি আরও বলেন, 'টোল আরোপ আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে এবং কেউ যেন এ ধরনের ব্যবস্থা অনুসরণ না করে।'
এদিকে যুক্তরাষ্ট্র-ইরান সাম্প্রতিক আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মানতে রাজি হয়নি। আলোচনায় পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালীর মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিরোধের কেন্দ্রবিন্দু ছিল বলে জানা গেছে।
সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পরও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে, ফলে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানি ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে গড়ে প্রতিদিনের তুলনায় অনেক কম জাহাজ চলাচল করছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা প্রণালী পরিষ্কার রাখতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে, যদিও ইরান এ দাবি অস্বীকার করেছে।
আইএমও প্রধান বলেন, সংকট সমাধানের মূল পথ হলো সংঘাতের অবসান। তার মতে, পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতোই ধাপে ধাপে নৌ চলাচল পুনরায় শুরু করা সম্ভব হবে এবং নতুন কোনো কাঠামোর প্রয়োজন নেই। তিনি আরও জানান, সংকটের কারণে প্রায় ২০ হাজার নাবিক এখন হরমুজ প্রণালী অঞ্চলে আটকে আছেন, যা মানবিক ও বৈশ্বিক অর্থনীতির জন্য বড় উদ্বেগের বিষয়।