গালকাটা ইব্রাহিম গ্রেপ্তার

জয়পুরহাট শহরের একটি শোরুমে চাঁদাবাজির ঘটনায় ইব্রাহিম হোসেন ওরফে গালকাটা ইব্রাহিম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ১০ এপ্রিল দিবাগত রাত ২টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইব্রাহিম হোসেন (৪৫) শহরের শান্তিনগর এলাকার মৃত ইউসুফ মোল্লার ছেলে।

মামলার এজাহারে জানা গেছে, গত ৭ এপ্রিল দুপুরে শহরের ‘রাবেয়া ট্রেডার্স’ নামের একটি শোরুমে গিয়ে প্রথমে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন ইব্রাহিম। পরবর্তীতে ৯ এপ্রিল বিকেলে আবারও সেখানে গিয়ে তিনি ভাঙচুর ও তাণ্ডব চালান। এ সময় তিনি শোরুম মালিক উজ্জ্বল হায়াতের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে চান। তবে ম্যানেজার এতে আপত্তি জানালে ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে হুমকি-ধমকি দিতে থাকেন। একপর্যায়ে তিনি টেবিলে ক্যাশ ড্রয়ার জোরপূর্বক খোলার চেষ্টা করেন। ম্যানেজার বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখান। এসময় তার চিৎকারে আশপাশের দোকানের কর্মচারী  ও বাড়ি মালিক এগিয়ে এলে ইব্রাহিম পালিয়ে যান।  এ ঘটনায় শোরুমের ম্যানেজার মাসুদ রেজা বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেন। 

এ বিষয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানাম, ঘটনা শোনার পরপরই বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায়, দ্রুত বিচার আইনে ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দেওয়ার পর গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।