শেষ কথাটা বলাই হলো না : রুনা লায়লা

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে উপমহাদেশের  সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার প্রয়াণে শোকাহত ভক্ত-অনুরাগীদের পাশাপাশি ভেঙে পড়েছেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। 

আশা ভোঁসলের মৃত্যুসংবাদ পাওয়ার পরপরই গভীর শোক ও আবেগঘন প্রতিক্রিয়া জানান রুনা লায়লা। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল। পৃথিবীর বড় বড় দু’জন কিংবদন্তি শিল্পী পরপর চলে গেলেন। লতা মঙ্গেশকর দিদি ২০২২ সালে চলে গেলেন, আর এখন আশা দিদিও চলে গেলেন। এমন শিল্পী আর এই পৃথিবীতে জন্মাবে না।’ 

নিজেদের সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, ‘তারা দুজনেই আমাকে ভীষণ স্নেহ করতেন—মায়ের মতোই। এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার শেষ দেখা হয়েছিল আমার সুর করা গান ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’র রেকর্ডিংয়ের সময়। এরপর ফোনে যোগাযোগ হয়েছে, কিন্তু কিছুদিন ধরে ভাবছিলাম আবার কথা বলব। আজ করব, কাল করব—এই ভাবনায় আর করা হয়নি। শেষ কথাটাও বলা হলো না।’ 

রুনা লায়লার কণ্ঠে ছিল আক্ষেপ আর বেদনার ভার। তিনি বলেন, ‘যখন মনে হয়েছিল দিদিকে ফোন করি, যদি তখনই করতাম, তাহলে হয়ত আজ এই আফসোসটা থাকত না। নিজের ভেতরে খুব কষ্ট হচ্ছে। এই কষ্ট সত্যিই ভাষায় প্রকাশের নয়।’