চলমান বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও পবিত্র হজকে ঘিরে মক্কা মদিনায় চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজ যাত্রীদের বরণ করে নিতে সকল প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। এর অংশ হিসেবে মক্কা ও মদিনা ব্যাপক আইনশৃঙ্খলা ব্যবস্থারও উদ্যোগ নেওয়া হয়েছে।
হজের বিষয়ে সৌদি সরকার জানিয়েছে যে আগামী ১৮ এপ্রিলের পর থেকে মক্কা মদিনায় তসরিয়া (অনুমতিপত্র) ছাড়া কাউকে হজ সংশ্লিষ্ট এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।
সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের পক্ষে হজ যাত্রীদের সেবায় নিয়োজিত রেহলাত ওয়া মানাফে সার্ভিস কোম্পানির সহকারি পরিচালক আহমেদ বিন আব্দুল্লাহ মাদানী দেশ রূপান্তর প্রতিনিধির সঙ্গে আলাপকালে সুষ্ঠু ও স্বাচ্ছন্দ হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছেন।
তিনি বলেন, রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক হজের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মিনা মুজদালিফা আরাফাত ময়দানের চলমান সংস্কার দ্রুত গতিতে এগিয়ে চলছে। এছাড়া আধুনিক ও প্রযুক্তি নির্ভর সম্পন্ন ব্যবস্থাপনার মাধ্যমে হজ যাত্রীদের জন্য উন্নতমানের ট্রান্সপোর্ট সুবিধা,মিনা মুজদালিফায় শীতাতপ নিয়ন্ত্রিত তাবু, হাজিদের সেবায় পর্যাপ্ত পরিমান কর্মী নিয়োগ, মিনা মুজদালিফায় ক্যাটারিং কোম্পানি কর্তৃক হজ যাত্রীদের খাবার পরিবেশনার সময় হাইজেনিক ব্যবস্থাপনা তদারকি করা জন্য উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এ বছর হজ সংশ্লিষ্ট এলাকায় প্রচণ্ড গরম হওয়ার আশঙ্কা রয়েছে।
সে অনুযায়ী হজ যাত্রীদের চলাচল রাস্তায় আধুনিক স্বয়ংক্রিয় পানি স্প্রে ছাড়াও রোদ প্রতিরোধ ব্যবস্থামূলক ছাউনি নির্মাণ করা হয়েছে যাতে হাজিরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজ যাত্রীদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন লক্ষাধিক ভলান্টিয়ার।
তিনি আশা করেন, অন্যান্য বছরের চেয়ে এ বছর হজ ব্যবস্থাপনা সর্বাধিক প্রযুক্তি ব্যবহার করা হবে। একই সঙ্গে যে কোনো সংকটময় মুহূর্তে হজ যাত্রীদের জন্য উড়ন্ত টেক্সি প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া অবৈধ হজযাত্রী প্রতিরোধে মিনা মুজদালিফা আরাফাত ময়দানে হজ যাত্রীদের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে আলাদা নুসুক কার্ডের প্রবর্তন করা হয়েছে বলে জানান হজ সংশ্লিষ্ট সহকারি পরিচালক আহমেদ বিন আব্দুল্লাহ মাদানী।