বাগাতিপাড়ায় ভূমি অফিস থেকে কম্পিউটার চুরি

নাটোরের বাগাতিপাড়ায় ইউনিয়ন ভূমি অফিস থেকে রহস্যজনকভাবে একটি কম্পিউটার চুরি হয়েছে বরে জানিয়েছে সংশ্লিষ্টরা। রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ১নম্বর পাঁকা ইউনিয়ন ভূমি অফিসে চুরির এই ঘটনা ঘটে।

ভূমি অফিস জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রতিদিনের মতো অফিস কার্যক্রম শেষে তালা দিয়ে সবাই চলে যান। রবিবার সকালে অফিস সহকারী শহিদুল ইসলাম অফিসে এসে কক্ষগুলো খুললেও কোনো কিছু অনুপস্থিত বুঝতে পারেননি। পরে বিষয়টি জানার পর তিনিও কম্পিউটারটি না থাকার বিষয়টি নিশ্চিত হন।

উপসহকারী ভূমি কর্মকর্তা মোছা. কাঞ্চন আরা জানান, তিনি অফিসে ঢুকে কম্পিউটার না দেখে বিষয়টি অন্যদেরকে জানান। পরে অফিসের বিভিন্ন কক্ষ ও জানালা পরীক্ষা করেও কোথাও ভাঙচুর বা জোরপূর্বক প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। এতে করে রহস্যজনকভাবে কম্পিউটারটি উধাও হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন বলে জানান তিনি।

ইউএনও মো. আলাউদ্দিন জানান, তিনি একটি মিটিংয়ে রয়েছেন। ফিরেই ঘটনাটি সরেজমিনে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, ঘটনাটি এখনও অনুষ্ঠানিকভাবে থানায় জানানো হয়নি। তবে তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন।