ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, হরমুজ প্রণালি, পারমাণবিক ইস্যু, যুদ্ধকালীন ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আঞ্চলিক সংঘাতের অবসানের প্রচেষ্টা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। তিনি পাকিস্তানকে আলোচনা আয়োজন ও মধ্যস্থতার জন্য ধন্যবাদ জানান।
রবিবার (১২ এপ্রিল) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের অভিজ্ঞতা আমরা ভুলিনি এবং ভুলবও না। ঠিক যেমন আমরা দ্বিতীয় ও তৃতীয়বার চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় তাদের এবং ইসরায়েলের করা জঘন্য অপরাধ ক্ষমা করব না। তিনি গত বছরের জুন ও এ বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার কথাও উল্লেখ করেন।
তিনি জানান, আলোচনায় ইরানের প্রতিনিধিরা দেশের অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বশক্তি, অভিজ্ঞতা ও জ্ঞান ব্যবহার করেছে। তিনি বলেন, প্রিয় মাতৃভূমি এবং মহৎ ইরানি সভ্যতার প্রতি মহান ঐতিহাসিক দায়িত্ব পালনে কিছুই বাধা হতে পারবে না। ইরান কূটনীতিসহ সব উপায়ে জাতীয় স্বার্থ সুরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান তিনি।
মুখপাত্র আরও বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করে অপর পক্ষের আন্তরিকতা ও সদিচ্ছা, লোভ ও অবৈধ দাবি থেকে বিরত থাকা এবং ইরানের বৈধ অধিকার ও ন্যায্য স্বার্থ মেনে নেওয়ার ওপর।
শেষে তিনি পাকিস্তান সরকার ও জনগণকে আলোচনা আয়োজন ও প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি