কুমিল্লার মুরাদনগরে নির্মাণাধীন মাদরাসার ভবনের রড চুরির অভিযোগে স্থানীয়ভাবে বিচার করার জেরে এবার উল্টো বিচারকারীদের বিরুদ্ধেই আদালতে মামলা দায়ের করেছেন আলী মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি। এতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছন এলাকাবাসী। সম্প্রতি উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ১৮ মার্চ শুশুন্ডা ইসলামিয়া আলিয়া মাদরাসার নির্মাণাধীন ভবন থেকে রড চুরির অভিযোগে নাজির নামের এক যুবককে আটক করে এলাকাবাসী। পরে তার বাবা আলী মিয়ার উপস্থিতিতে স্থানীয় মাতব্বরদের মাধ্যমে একটি সালিশি বৈঠকে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্দিষ্ট সময়ে জরিমানার টাকা পরিশোধ না করে ৩১ মার্চ আলী মিয়া বাদী হয়ে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, তার ছেলে নাজির চুরির সঙ্গে জড়িত নয়। বরং জাতীয় নির্বাচনের রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মারধর করা হয়েছে। তাই এঘটনায় কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১১ নম্বর আমলি আদালতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য শাহজালাল বলেন, চুরির ঘটনায় স্থানীয়ভাবে সমাধান করা হলেও এখন সেই বিচারকারীদেরই আসামি করা হয়েছে, যা দুঃখজনক।