ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের ব্যয় ১১ বিলিয়ন ডলার!

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের বিপুল পরিমাণ আর্থিক ব্যয় হয়ে গেছে। এই ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে দেশটি। বিশেষ করে যুদ্ধের তীব্রতা এবং দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির কারণে ইসরায়েলি অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এমন ইঙ্গিত দিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। দেশটির অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে ইসরায়েলের ১১ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছে। 

ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ১০০ কোটি ডলারের বেশি (১১ বিলিয়ন ডলার) খরচ হয়েছে। মন্ত্রণালয়ের  তথ্যানুযায়ী, এই যুদ্ধের মোট বাজেট খরচ ধরা হয়েছে প্রায় ৩৫ বিলিয়ন শেকেল (১১.৫২ বিলিয়ন ডলার), যার মধ্যে ২২ বিলিয়ন শেকেলই ব্যয় হয়েছে সরাসরি প্রতিরক্ষা খাতে। বিশাল অংকের এই ব্যয়ের বোঝা মেটাতে ইতোমধ্যে ২০২৬ সালের বাজেটে এই অর্থ যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।