পিরোজপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

পিরোজপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে ‎জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২এপ্রিল) আসরের নামাজের পর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে অবকাশ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলনের দাবি জানান। তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এ দাবি বাস্তবায়ন জরুরি। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন ওসমানী, লেবার পার্টির জেলা সমন্বয়ক মো. সালমান খান বাদশা, সদর উপজেলা জামায়াতের আমির সিদ্দিকুর রহমান, পৌর আমীর ইসাহাক আলী খান, এনসিপির জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম নাঈম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, জেলা সহকারী সেক্রেটারি সিদ্দিকুল ইসলাম এবং জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হকসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।