কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন কুটি রোমেরো, চোটে পড়েছেন মার্তিনেজও

প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়েছেন আর্জেন্টিনার রক্ষণভাগের মূল স্তম্ভ ক্রিশ্চিয়ান রোমেরো। ২০২৬ বিশ্বকাপের আগে এই খবরটি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ম্যাচের ৬৪ মিনিটে একটি বল রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষ স্ট্রাইকার ব্রায়ান ব্রবির ধাক্কায় নিজের দলের গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে সজোরে সংঘর্ষ হয় রোমেরোর। গোলরক্ষকের মাথা সরাসরি রোমেরোর হাঁটুর কাছে আঘাত করে। মাঠে প্রাথমিক চিকিৎসার পর চেষ্টা করেও তিনি আর দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত যন্ত্রণায় মুখ ঢেকে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন এই ডিফেন্ডার।

প্রতিপক্ষ গোলকিপারের সাথে সংঘর্ষে চোট পান রোমরো

একই দিনে চোটে দিবু মার্তিনেজ

আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ কেবল রোমেরোকে নিয়েই নয়। একই দিনে অ্যাস্টন ভিলার হয়ে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় পেশির চোটে পড়েছেন গোলরক্ষক এমিলিয়ানো 'দিবু' মার্তিনেজ। বিশ্বকাপের আগ মুহূর্তে দলের দুই প্রধান তারকার এমন চোট ভক্তদের মনে আশঙ্কার জন্ম দিয়েছে।

রোমেরোর চোটের দিনে টটেনহ্যাম ১-০ গোলে হেরে গেছে। এই হারের ফলে ৩২ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮ নম্বরে অর্থাৎ রিলিগেশন অঞ্চলে নেমে গেছে স্পার্সরা। প্রিমিয়ার লিগে টিকে থাকতে হলে বাকি ৬ ম্যাচে তাদের কঠিন লড়াই করতে হবে, আর রোমেরোর অনুপস্থিতি সেই লড়াইকে আরও কঠিন করে তুলবে।

এখনও পর্যন্ত রোমেরো বা মার্তিনেজের চোট কতটা গুরুতর, সে বিষয়ে ক্লাব বা জাতীয় দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক রিপোর্ট দেওয়া হয়নি। তবে জুন মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের কথা মাথায় রেখে আর্জেন্টাইন মেডিকেল টিম তাদের শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছে।