ইরানের বন্দর অবরোধ করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানকে ঘিরে নৌ অবরোধ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমবার  (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে এ অবরোধ কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, ‘প্রেসিডেন্টের ঘোষণার আলোকে ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব ধরনের সামুদ্রিক চলাচলের ওপর অবরোধ কার্যকর করা হবে।’ 

বিবৃতিতে আরও বলা হয়, এই অবরোধ সব দেশের জাহাজের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে। এতে আরব উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের সব বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজ অন্তর্ভুক্ত থাকবে।

তবে সেন্টকম স্পষ্ট করে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ ইরান ব্যতীত অন্য দেশের বন্দরে যাতায়াত করবে, তাদের নৌ চলাচলের স্বাধীনতায় কোনো বাধা দেওয়া হবে না।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বাহিনী অবিলম্বে হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা সেখান থেকে বের হওয়া সমস্ত জাহাজ ‘অবরোধ’ করার প্রক্রিয়া শুরু করবে।

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, এক সময় এমন পরিস্থিতি আসবে যখন সব জাহাজ অবাধে যাতায়াত করতে পারবে, কিন্তু ইরানের অনমনীয়তার কারণে এখনই তা সম্ভব হচ্ছে না। 

তিনি আরও জানান যে, আন্তর্জাতিক জলসীমায় যেসব জাহাজ ইরানকে টোল বা মাশুল প্রদান করেছে, সেগুলোকে খুঁজে বের করতে এবং বাধা দিতে তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন। 

ট্রাম্পের মতে, যারা ইরানকে ‘অবৈধ টোল’ দেবে, মুক্ত সমুদ্রে তাদের কোনো নিরাপদ চলাচলের নিশ্চয়তা থাকবে না।