রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের হোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন সাইফ (২৩), তুহিন (২০) ও রাব্বি কাজী (২৫)। তবে গ্রেপ্তাররা কোন গ্রুপের সদস্য তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে এ ঘটনা ঘটে।
ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের হোতা ইমন নিহত হয়েছে। বর্তমানে তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে এলেক্স ইমন গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই গতকাল দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এলেক্স ইমন গ্রুপের ইমন ওরফে এলেক্স ইমন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।