ইউরোপের মাটিতে ইসলামি আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের উদ্যোগে এক সুধী সমাবেশ ও ফান্ডরেইজিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে ওভারভিলা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা এবং চরিত্র গঠনমূলক উদ্যোগ অত্যন্ত জরুরি। তারা এমসি ইনস্টিটিউটের মাধ্যমে ইসলামি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই প্রয়াসকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেন।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রফেসর বদরুল বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব ও এমসি ইনস্টিটিউট ফ্রান্সের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আল মোমীন আহমেদ শরীফ, সদস্য আব্দুস সালাম মামুন, কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমেদ, সিনিয়র সাংবাদিক ও চ্যানেল আইয়ের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, ‘আমি ভয়েজ’-এর স্বত্বাধিকারী তানজিম হোসেন, এফবিজেএ-এর যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, এমসি ইনস্টিটিউট ফ্রান্সের অর্থ সম্পাদক লুৎফর রহমান, সদস্য তোফায়েল আহমেদ জয়নুল প্রমুখ।