ত্রয়োদশ সংসদে সংরক্ষিত নারী আসনে তিনদিনে প্রায় ১১ শতাধিক মনোনয়ন প্রত্যাশী ফরম কিনেছেন বলে জানিয়েছে বিএনপি। একইসঙ্গে অনেকেই ফরম পূরণ করে জমাও দিয়েছেন। এছাড়াও নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারকা প্রার্থীদের সঙ্গে যারা অশোভন আচরণ করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো ধরনের অশোভন আচরণ দলে গ্রহণযোগ্য নয়। সংসদের সংরক্ষিত নারী আসনের বিপরীতে সম্প্রতি কিছু তারকার মনোনয়ন প্রত্যাশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও দলের ভেতরে বিতর্ক তৈরি হয়েছে। এ প্রসঙ্গে রিজভী কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, দলে সেলিব্রিটি আসা অস্বাভাবিক নয়। বিশ্বের বহু দেশে সেলিব্রিটিরা রাজনীতিতে আসেন। যুক্তরাষ্ট্রে রোনাল্ড রিগান থেকে শুরু করে ভারতেও বহু শিল্পী নির্বাচিত হয়েছেন। সবাইকে কি রাস্তায় নেমে আন্দোলন করতে হবে? একজন বিখ্যাত শিল্পী যদি দলের পক্ষে অবস্থান নেন, সেটাও বড় অবদান।
উল্লেখ্য যে, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কার্যক্রম শেষ করেছে গতকাল রবিবার। গত শুক্রবার শুরু হওয়া এ প্রক্রিয়ায় গত দুই দিনে ১ হাজার ২৫টি ফরম বিক্রি হয়েছে। গতকাল রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত দলের পক্ষে আনুষ্ঠানকিভাবে হিসাব জানানো হয়নি। তবে দলের একজন দায়িত্বপ্রাপ্ত নেতা বলেন, গতকাল রবিবার শেষ দিনে সবমিলিয়ে প্রায় ১১শর মতো মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এরমধ্যে জমাও দিয়েছেন অনেকে।
মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে সংগীতশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা, দিলরুবা খান, রিজিয়া পারভীন, দিঠি আনোয়ার ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফরম বিক্রি ও জমা দেওয়াকে কেন্দ্র করে তিন দিন ধরেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।
গতকাল রবিবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে গিয়ে দেখা যায়, মনোনয়নপ্রত্যাশীদের পাশাপাশি তাদের শত শত কর্মী-সমর্থক কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। ব্যানার, ফেস্টুন আর সেøাগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।