বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি বলেছেন, নীলফামারী জেলার প্রাচীনতম প্রতিষ্ঠান দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শনে এসেছি। মিলটি বর্তমানে বন্ধ রয়েছে। আমাদের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল সারা দেশের বন্ধ প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে টেক্সটাইল ও জুট মিলগুলো পুনরায় চালু করা। সেই লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। গতকাল রবিবার সকালে নীলফামারীর বন্ধ দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বন্ধ মিলগুলো বিশেষ করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ টেক্সটাইল ও জুট মিল পরিদর্শন করা হচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগকারী এনে এসব শিল্পপ্রতিষ্ঠান চালুর প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। পর্যায়ক্রমে বন্ধ থাকা সব টেক্সটাইল ও জুট মিল চালু করা হবে। আমাদের লক্ষ্য, কর্মসংস্থান সৃষ্টি করা এবং বিনিয়োগ বাড়ানো। যত বেশি বিনিয়োগ আনা সম্ভব হবে, ততই মানুষের কর্মসংস্থান বাড়বে। এতে দেশের অর্থনীতি, বিশেষ করে জেলা পর্যায়ের প্রান্তিক মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হবে।
আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে দারোয়ানী টেক্সটাইল মিলে কর্মচাঞ্চল্য ফিরে আসবে উল্লেখ করে শরীফুল আলম বলেন, একটি সুখবর হলো এই মিলটি নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে। মূল্যায়নের কাজ চলছে এবং একজন ভালো বিনিয়োগকারীও আমরা পেয়েছি। তাদের সঙ্গে কথা চলছে। আশা করছি, দুই থেকে তিন মাসের মধ্যেই মিলটি পুনরায় চালু হবে এবং স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
টেক্সটাইল মিল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জেলার সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের পোড়ারহাট কীর্তুনিয়াপাড়াস্থ পাট, বাঁশ ও হস্তশিল্প উৎপাদনকারী ‘ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্ট বিডি লি.’ কারখানা পরিদর্শন করেন।