স্কুল থেকে ফেরার পথে ছাত্রকে তুলে নিয়ে নির্যাতন, থানায় অভিযোগ

যশোরের শার্শায় স্কুল থেকে ফেরার পথে সজিব হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রকে জোর করে তুলে নিয়ে দোকানঘরে আটকে রেখে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে। এঘটনায় রবিবার (১২ এপ্রিল) রাতে ভুক্তভোগীর মা ফরিদা খাতুন থানায় সাকিব, রিপন, রাজু, সিয়ামসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।  

৯ এপ্রিল উপজেলার বসন্তপুর গ্রামের বাসাবাড়ি বাজার এলাকায় নির্যাতনের এ ঘটনা ঘটে। শুধু নির্যাতনই নয়, ওই স্কুল ছাত্রের প্যান্ট খুলে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উল্লেখ করা হয়।

ভুক্তভোগী সজিব হোসেন বসন্তপুর গ্রামের বাসিন্দা ও কেরালখালী পাড়িয়া ঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

অভিযোগে জানা গেছে, গত ৯ এপ্রিল সজিব হোসেন স্কুল থেকে বাড়ি ফিরছিল। দুপুর ১টার দিকে বাসাবাড়ি বাজার এলাকায় পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা একদল যুবক তাকে জোর করে টেনে-হিঁচড়ে অভিযুক্ত সাকিবের দোকানের ভেতরে তুলে নিয়ে যায়। সেখান দোকানের সাটার বন্ধ করে কাঠের বাটাম ও কুড়ালের আছাড় দিয়ে তাকে বেধড়ক মারধর ও নির্যাতন করে। এক পর্যায়ে সজিবের পরিহিত প্যান্ট খুলে তার গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। পরে সজিবের চিৎকারে শুনে স্থানীয় লোকজন ও স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিয়ষটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।