ডাকাতের হামলায় ঘানা প্রিমিয়ার লিগের ফুটবলার নিহত

ঘানার ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ঘানা প্রিমিয়ার লিগের ক্লাব বেরেকুম চেলসির উইঙ্গার ডমিনিক ফ্রিমপং সশস্ত্র ডাকাতদলের হামলায় নিহত হয়েছেন। রবিবার সামারটেক্সের বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে তাদের টিম বাসে এই হামলার ঘটনা ঘটে।

রবিবার সন্ধ্যায় সামারটেক্স এফসির বিপক্ষে ম্যাচ শেষে (যেটিতে তারা ১-০ গোলে পরাজিত হয়) বেরেকুম চেলসির টিম বাসটি ফিরছিল। পথিমধ্যে বিবিয়ানি-গোয়াসো সড়কের আহাইরেসু এলাকায় সশস্ত্র ডাকাতদল বাসটি আটকানোর চেষ্টা করে। বাসটি পেছানোর (রিভার্স) চেষ্টা করলে ডাকাতরা লক্ষ্য করে গুলি চালায়। এতে ২০ বছর বয়সী ফ্রিম্পংয়ের মাথায় গুলি লাগে। দ্রুত তাকে বিবিয়ানি সরকারি হাসপাতালে নেওয়া হলেও সেখানে তার মৃত্যু হয়।

ক্লাব সূত্রে জানা গেছে, হামলার সময় খেলোয়াড় এবং কর্মকর্তারা প্রাণভয়ে বাস থেকে নেমে পাশের জঙ্গলে পালিয়ে যান। এই বিশৃঙ্খলার মধ্যে দলের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে এবং এখনো নিখোঁজ থাকা দলের সদস্যদের সন্ধানে কাজ করছে।

ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেছে, "বেরেকুম চেলসি ক্লাবের ডমিনিক ফ্রিম্পংয়ের মর্মান্তিক মৃত্যুতে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন স্তব্ধ এবং গভীরভাবে শোকাহত। এই ঘটনা পুরো ফুটবল অঙ্গনে বড় আঘাত হেনেছে। জিএফএ নিহতের পরিবার, তার সতীর্থ এবং বেরেকুম চেলসি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।"

২০ বছর বয়সী এই ফুটবলার জানুয়ারি মাসে আদুয়ানা এফসি থেকে ধারে বেরেকুম চেলসিতে যোগ দিয়েছিলেন। ২০২৫/২৬ মৌসুমে ক্লাবটির হয়ে ১৩টি ম্যাচে অংশ নিয়ে ২টি গোল করেছিলেন তিনি।