কুমিল্লার মুরাদনগরে ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজার মেশিনে আগুন দিয়েছেন গ্রামবাসী। উপজেলার বাঙ্গরা বাজার থানার পীর কাশিমপুর এলাকায় রবিবার (১২ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
গ্রামবাসীর দাবি, বারবার অভিযোগ করেও প্রতিকার না পেয়ে অবশেষে ক্ষুব্ধ জনতা অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনে অগ্নিসংযোগ করেছে। তারা জানায়, আমাদের পেটে লাথি মেরে যারা মাটি চুরি করছে, তাদের আর ছাড় দেওয়া হবে না।
স্থানীয় জানায়, রবিবার বিকেলে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে ফসলি জমি রক্ষায় মাঠে নামে। এক পর্যায়ে উত্তেজিত জনতা অবৈধ ড্রেজারটির পাইপ ভেঙে ফেলে এবং মেশিনে আগুন ধরিয়ে দেয়।
ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক বলেন, ড্রেজার দিয়ে মাটি তোলার কারণে আমাদের পৈত্রিক জমিগুলো বিলে তলিয়ে যাচ্ছে। আমরা চাষাবাদ করতে পারছি না। প্রশাসনকে জানিয়েও যখন সমাধান পাচ্ছিলাম না, তখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। জমি বাঁচাতে আমরা আজ এক হতে বাধ্য হয়েছি।"
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারোয়ার রাব্বী বলেন, ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিতেও এলাকাবাসীকে আহ্বান জানানো হয়।
এলাকার সচেতন মহল মনে করছেন, ফসলি জমি রক্ষায় প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এমন চরম পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে এ ধরনের সংঘাত এড়াতে দ্রুত অবৈধ ড্রেজার সিন্ডিকেট নির্মূল করার দাবি জানিয়েছেন তারা।