বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে এখন সাজ সাজ রব। দীর্ঘ ২০ বছর পর আগামী ২০ এপ্রিল পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে উত্তরবঙ্গের এই জনপদে বইছে উৎসবের আমেজ। বিশেষ করে জিয়া পরিবারের আদি নিবাস ‘জিয়া বাড়ি’ সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজে এখন ব্যস্ত সময় পার করছেন সরকারী কর্মকর্তারা।
মূল ফটক থেকে শুরু করে পুরো আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। জিয়া বাড়ির এই কর্মযজ্ঞ দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন বাগবাড়ীতে।
বাড়ির কেয়ারটেকার আব্দুস সাত্তার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, বেগম জিয়া ও তারেক রহমানের অনেক স্মৃতি এই বাড়িতে মিশে আছে। তারেক রহমান এলে আমাকে দূর থেকে দেখেই চিনতে পারবেন। তার ফেরার পথ চেয়েই তো এতগুলো দিন কাটিয়ে দিলাম।
২০০৬ সালের পর দীর্ঘ সময় প্রবাসে কাটিয়ে দেশে ফেরার পর এটিই হবে তারেক রহমানের প্রথম উত্তরবঙ্গ সফর। সফরের শেষ লগ্নে পৈতৃক ভিটায় তার এই অবস্থানকে ঘিরে গাবতলী ও সারিয়াকান্দি এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।
দীর্ঘ প্রায় দুই দশক পর আগামী ২০ এপ্রিল একদিনের সরকারি সফরে বগুড়া আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধনসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
গত সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, আগামী ২০ এপ্রিল সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও স্বল্প বিরতি শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন তিনি।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে বগুড়া ও আশপাশের এলাকায় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।