লোহাগাড়ার মাদরাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ার বটতলী স্টেশনের আলুরঘাট সড়কের একটি বেসরকারি মাদরাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। আজ সোমবার দুপুরে তালিমুন কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার আবাসিক ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত মাদরাসার শিক্ষক হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বরইউড়ি ইউনিয়নের মাওলানা ছালেহ আহমদের পুত্র শিব্বির আহমদ (৩২)। চাকরিসূত্রে তিনি পরিবার নিয়ে মাদরাসার একটি কক্ষে বসবাস করতেন।

নিহতের স্ত্রী শিরিন আক্তার জানান, প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে ঘুম থেকে উঠে পাশের কক্ষে গামছা পেঁছানো অবস্থায় স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান। পরবর্তীতে স্থানীয়দের জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

মাদরাসার পরিচালক মো. মহিউদ্দিন বলেন, শিক্ষক শিব্বির আহমদ মাদরাসার কিছু অর্থ ব্যক্তিগতভাবে খরচ করেন। বিষয়টি আমরা তার পরিবারকে অবহিত করি। কিন্তু কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা আমরা জানি না।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত ভৌমিক জানান, শিক্ষকের মরদেহ উদ্ধার করে চট্টগ্রামে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে লোহাগাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।