পহেলা বৈশাখে পাঁচ বিভাগে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার শঙ্কা

কাঠফাটা গরমের মধ্যেই কাল বাংলা নববর্ষের দিনে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শনিবার (১১ এপ্রিল) প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।

পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে আরও বলা হয়, দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সম্ভাব্য বৃষ্টির কারণে ওইদিন তাপমাত্রা কিছুটা কমে গিয়ে গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে।