কনসার্টে মাতবে দেশ

আজ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিনটিকে ঘিরে উৎসবের আমেজে মুখর পুরো দেশ। নতুন বছরকে বরণ করে নিতে বাঙালির ঐতিহ্যবাহী আয়োজনের যেন শেষ নেই সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, গান, নাচ আর আনন্দে ভরে উঠবে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত। বিশেষ করে সংগীতাঙ্গনের তারকারা থাকছেন ব্যস্ত সূচিতে। পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার বিভিন্ন প্রান্তে, খোলা মাঠে ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় গায়ক-গায়িকারা দিনভর অংশ নেবেন স্টেজ শো ও টেলিভিশন অনুষ্ঠানে। খোদ ঢাকাতেই একসঙ্গে দুই কনসার্টে অংশ নিয়ে শ্রোতাদের বৈশাখের আমেজকে আরও বাড়িয়ে দেবে ব্যান্ডদল চিরকুট। আজ সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এবং বিকেল ৩টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পারফর্ম করবে তারা। তাদের পরিবেশনায় থাকবে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ জনপ্রিয় গান। নববর্ষ উপলক্ষে বিশেষ কনসার্টের আয়োজন করেছে কোক স্টুডিও বাংলা। রাজধানীর কোর্টসাইড, ১০০ ফিট মাদানি অ্যাভিনিউতে বিকাল ৩টা থেকে শুরু হবে এই আয়োজন। অংশ নেবেন দেশের খ্যাতিমান ও উদীয়মান শিল্পীরা।

চিরকুটের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমীর ভাষ্যে, ‘ব্যান্ডটি সবসময় তরুণদের ভালোবাসায় এগিয়েছে। তিনি বলেন, ‘তারুণ্যের ভালোবাসা নিয়েই আমরা বারবার মঞ্চে ফিরি। এবারও বৈশাখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে।’ তিনি আরও বলেন, বৈশাখ উপলক্ষে তারা ‘দামি, যাদুর শহর’, ‘মরে যাব’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন এবং শ্রোতাদের সঙ্গে উৎসব ভাগ করে নেবেন।

রাজধানীর বাইরের বিভিন্ন জেলা শহরগুলোতে মঞ্চ মাতাবেন জনপ্রিয় শিল্পীরা। পাবনায় আজ বৈশাখের সকাল শুরু হবে গানের আসর দিয়ে। শহরের অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সকাল ৯টা থেকে আয়োজিত অনুষ্ঠানে গান গাইবেন নগরবাউল জেমস, ইমরান মাহমুদুল ও ঐশী। আরও থাকছেন ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’ এর সেরা তিন কণ্ঠশিল্পী। নৃত্য পরিবেশন করবেন মন্দিরা চক্রবর্তী ও সোহাগ ড্যান্স ট্রুপ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আলিফ, প্রযোজনায় আছেন অজয় পোদ্দার। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন, ফলে ঘরে বসেই দর্শকরা উপভোগ করতে পারবেন বৈশাখের এই বর্ণিল আয়োজন।