বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, কৃষকরা আমাদের জীবনের অংশ। কৃষকদের উৎপাদিত শস্যে আমাদের জীবন চলে। বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে। কৃষকরা যদি ফসল উৎপাদন বন্ধ রাখে তাহলে দেশ খাদ্যহীন হয়ে যাবে। সেজন্যই বর্তমান সরকার দায়িত্ব নিয়েই কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ১০হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করেছে। সোমবার (১৩এপ্রিল) সন্ধ্যায় মুরাদনগর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, চাষাবাদের সুবিধার জন্য খাল খনন প্রকল্প শুরু করেছে। কৃষকদের স্বাবলম্বী করতে কৃষক কার্ড চালু করা হচ্ছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কবি নজরুল মিলনায়তনে বীজ ও সার বিতরণ শুরু করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, কৃষক প্রতিনিধি হেদায়েত হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক, বাঙ্গরা বাজার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, মহিলা দলের সভাপতি কাজী তাহমিনাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার ২২টি ইউনিয়নের কৃষক কৃষাণীরা।

জানা গেছে এ বছর উফসী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মুরাদনগর উপজেলার ১৬হাজার ২শ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।