জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি ও আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৩এপ্রিল) দুপুরে উপজেলা হাজরাবাড়ি পৌর শহরের ব্রাহ্মণপাড়া এলাকা থেকে মো. আল আমিন শিলু ও আইয়ুব আলী নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মো. আল আমিন শিলু আদ্রা ইউনিয়নের গুজামানিকা এলাকার মৃত মজিবর রহমান শেখের ছেলে, তিনি বিএনপির ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। এছাড়া আইয়ুব আলী হাজরাবাড়ী পৌর শহরের ব্রাহ্মণপাড়া মিরানপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনি আওয়ামী লীগ নেতা ও হাজরাবাড়ি পৌর যুবলীগের সদস্য বলে জানা গেছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান, মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর শহরের ব্রাহ্মণপাড়া মিরানপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মাদক বিক্রির এক লাখ ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় মাদক আইনে মামলার পর তাদের আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু বলেন, এমন একটা খবর পেয়েছি। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। আমরাও মাদকে বিষয়ে কোন আপোস করবো না। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।