যুক্তরাষ্ট্র-ইরান বৃহস্পতিবারই ফের আলোচনায় বসতে পারে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শিগগিরই নতুন করে আলোচনা শুরু হতে পারে। আগামী বৃহস্পতিবারের মধ্যেই এ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানায়।

কর্মকর্তারা জানান, দুই পক্ষই আলোচনা আবার শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি।

এপির বরাতে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানায়, বৈঠকের জন্য আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাও একটি শক্তিশালী বিকল্প হিসেবে আলোচনায় উঠে এসেছে।

রয়টার্স জানায়, ইসলামাবাদ বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাকিস্তান এক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান-প্রদান করছে।