মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে রাতে দুষ্কৃতকারীরা ছয়জন প্রহরীকে বেঁধে রেখে ৩টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় চা বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও বাগান কর্তৃপক্ষ জানায়, গতকাল রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্র বাগানের বিদ্যুৎ সরবরাহের জন্য স্থাপিত তিনটি ট্রান্সফরমার চুরির উদ্দেশ্য প্রথমে প্রহরীদের অতর্কিতে আক্রমণ করে তাদের হাত-পা বেঁধে ফেলে। পরে নিরাপত্তা প্রহরীদের নজর এড়িয়ে ট্রান্সফরমারগুলো খুলে নিয়ে চলে যায়। চুরি হওয়া ট্রান্সফরমারের আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা বলে জানা গেছে।
এ ঘটনার পর সকালে প্রহরীরা মুক্ত হয়ে বাগান কর্তৃপক্ষকে জানালে খবর ছড়িয়ে পড়ে। বাগানের ম্যানেজমেন্ট তাৎক্ষণিকভাবে মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
নোয়াপাড়া চা বাগানের এক কর্মকর্তা জানান, “প্রহরীরা কোনো প্রতিরোধ করার সুযোগই পায়নি। চোরেরা অত্যন্ত সংঘবদ্ধ ও পরিকল্পিতভাবে কাজটি করেছে। এতে বাগানের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা চা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”
স্থানীয় শ্রমিকরা বলছেন, সম্প্রতি চা বাগান এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। পুলিশকে দ্রুত চোরচক্রকে ধরতে এবং বাগানগুলোতে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা দুপুরের দিকে ঘটনাস্থল থেকে দেশ রূপান্তরকে জানান, “আমরা ঘটনার তদন্ত করছি। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের সাক্ষ্য নিয়ে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত আসামি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”