ভক্ত-অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানালেন তারকারা

জীর্ণ পুরাতন বছরকে পেছনে ফেলে নতুনের জয়গানে আনন্দ, উচ্ছ্বাস আর আগামীর প্রত্যাশায় মেতেছে পুরো দেশ। উৎসবের এই রঙিন আমেজ থেকে বাদ যাননি শোবিজ জগতের তারকারাও; কেউ ঘরোয়া আয়োজনে পরিবারের সাথে, আবার কেউ বর্ণিল উৎসবে শামিল হয়ে বরণ করে নিয়েছেন নতুন বছরকে। 

অভিনেত্রী পরীমনি তার সন্তানকে বুকে জড়িয়ে একটি আবেগঘন পোস্টে লিখেছেন, শুভ নববর্ষ, মাশাল্লাহ! অন্যদিকে অভিনেতা ইরফান সাজ্জাদ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন- নতুন বছর সবার জন্য বয়ে আনুক ভালো সময়। পাশাপাশি যাদের ঘরে ছোট বাচ্চা আছে, তাদের ভিড় এড়িয়ে সাবধানে থাকার পরামর্শও দিয়েছেন তিনি। 

অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া নিজের স্নিগ্ধ ছবি শেয়ার করে সবাইকে জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা। একই সুরে মিস বাংলাদেশ ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী রোদের তাপ উপেক্ষা করে উৎসবের আমেজে ছবি পোস্ট করে লিখেছেন- শুভ নববর্ষ, নতুন বছর ভরে উঠুক শান্তি আর কৃতজ্ঞতায়। 

অভিনেতা নিলয় আলমগীর পরিবারকে পাশে নিয়ে এক উষ্ণ মুহূর্তের ছবি শেয়ার করে জানিয়েছেন শুভেচ্ছা। অভিনেত্রী সাফা কবিরও নিজের ছবির মাধ্যমে ভক্তদের জানিয়েছেন নববর্ষের ভালোবাসা। আর বিদ্যা সিনহা মিম তার বৈশাখী সাজে মুগ্ধতা ছড়িয়ে লিখেছেন- নতুন দিনের আলোয় শুরু হোক নতুন স্বপ্ন, শুভ নববর্ষ। 

মিস বাংলাদেশ শাম্মী ইসলাম নীলা নিজের ছবির মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। অন্যদিকে অভিনেতা চাষী আলম লিখেছেন- ১৪৩২ এর শেষ রাত,সবাইকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা।