নববর্ষ বরণে এনসিপির বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলা নতুন বছরকে বরণ করতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ শোভাযাত্রায় দলের কেন্দ্রীয়, মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটর থেকে শোভাযাত্রাটি বের হয়। 

শোভাযাত্রায় এনসিপির নেতাকর্মীরা নেচে গেয়ে আনন্দ করে। এসময় এনসিপির দুই শীর্ষ নেতা আসিফ মাহমুদ ও সারজিস আলমকে রিকশাও চালাতে দেখা যায়।

এছাড়া দলের সংস্কৃতি সেলের উদ্যোগে ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ নামের এ আয়োজনে রয়েছে বাউল গান, নৃত্য, আবৃত্তি, লোকজ পরিবেশনা এবং দেশীয় ঐতিহ্যের নানান ছোঁয়া।

শোভাযাত্রার র‍্যালিতে কেউ কেউ ছবি তুলছেন, কেউবা সেলফিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। রঙতুলির আঁচড়ে ‘শুভ নববর্ষ’ লিখিয়ে নিতেও দেখা গেছে অনেককে।

একই সময়ে বাংলামোটরের নেভি গলিতে বসেছে বৈশাখী মেলা। এ আয়োজনে থাকছে গান, নৃত্য ও বায়োস্কোপসহ বাঙালিয়ানার নানা অনুষঙ্গ। মুড়ি-মুড়কি ও জিলাপির আয়োজনও থাকছে। এছাড়া মেলায় বাহারি খাবার ও মাটির তৈজসপত্রের দোকানও বসেছে।