পহেলা বৈশাখকে ঘিরে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় বসেছে গ্রামীণ মেলা। এরই অংশ হিসেবে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী লাঠি খেলার, যা মেলার অন্যতম আকর্ষণে পরিণত হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর থেকে শুরু হওয়া এই খেলায় অংশ নেন এলাকার তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়রা। ঢোলের তালে তালে তারা লাঠির নান্দনিক কৌশল প্রদর্শন করেন, যা দর্শকদের মুগ্ধ করে। খেলোয়াড়দের দক্ষতা ও ছন্দময় উপস্থাপনায় জমে ওঠে পুরো আয়োজন।
খেলা দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। শিশু থেকে শুরু করে বৃদ্ধ, সবার মধ্যেই ছিল উৎসবের আনন্দ ও উচ্ছ্বাস। গ্রামীণ ঐতিহ্যের এমন আয়োজন পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন স্থানীয়রা।
স্থানীয় মোস্তফা বলেন, লাঠি খেলা আমাদের পুরনো ঐতিহ্য। এখন খুব কমই দেখা যায়। আজকের আয়োজন দেখে অনেক ভালো লাগছে। এমন আয়োজন নিয়মিত হওয়ার দরকার।
লাঠি খেলা দেখতে আসা আশা মনি বলে, আমি আজ প্রথম লাঠি খেলা দেখলাম। অনেক ভালো লাগছে। এর আগে এমন খেলা দেখিনি। আবার মেলায় অনেক কিছু কিনেছি।
আয়োজক মুকুল মিয়া জানান, গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।