বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মঙ্গলবার (১৪এপ্রিল) বেলা ১২টায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় মোট ৩ হাজার ৫৫টি কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে উদ্বোধনী দিনে ৫০০জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিপুল সংখ্যক কৃষক অংশ নেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর বলেন, নির্বাচনে সময় যে ওয়াদা করেছি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকটি ওয়াদা বাস্তবায়ন করবো। এখন আঙ্গুলের কালি মুছে নাই, সরকারের বয়স ২ মাসের মধ্যেই আমরা কৃষক কার্ড পৌঁছে দিয়েছি, ফ্যামিলি কার্ড বিতরণ করেছি, খাল খনন কর্মসূচি চলমান রয়েছে। এভাবে প্রত্যেকটি ওয়াদা পালন করতে আমরা বদ্ধপরিকর।