তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দাবি অস্বীকার করল চীন

তাইওয়ানকে ঘিরে সামরিক চাপ প্রয়োগের বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগকে 'তথ্য বিকৃতি' ও 'উদ্দেশ্যপ্রণোদিত' বলে মন্তব্য করেছে চীন। বুধবার (১৫ এপ্রিল) বেইজিংয়ের এক সরকারি মুখপাত্র এ কথা জানান।

চীনের তাইওয়ানবিষয়ক দপ্তরের মুখপাত্র চেন বিনহুয়া বলেন, যুক্তরাষ্ট্রের কিছু ব্যক্তি বারবার 'মূল ভূখণ্ডের হুমকি' ও 'সামরিক চাপ' প্রসঙ্গ তুলে অযথা উত্তেজনা সৃষ্টি করছে। তিনি দাবি করেন, এসব বক্তব্য বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি এবং এর পেছনে কু-উদ্দেশ্য রয়েছে। তাইওয়ানকে চীনের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বাইরের হস্তক্ষেপ না করার আহ্বান জানান।

সম্প্রতি গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানের চারপাশে চীন সামরিক তৎপরতা বাড়িয়েছে এবং একাধিক মহড়া চালিয়েছে, যার মধ্যে ডিসেম্বরের শেষ দিকে লাইভ-ফায়ার মহড়াও ছিল।

এর আগে যুক্তরাষ্ট্র চীনকে তাইওয়ানের সঙ্গে সংলাপ শুরু এবং দ্বীপটির ওপর সামরিক চাপ বন্ধের আহ্বান জানিয়েছিল। এ প্রসঙ্গে চেন যুক্তরাষ্ট্রকে সতর্কভাবে ও দায়িত্বশীলভাবে তাইওয়ান-সংক্রান্ত বিষয় সামলানোর পরামর্শ দেন।

চীন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেকে 'বিচ্ছিন্নতাবাদী' আখ্যা দিয়ে তার সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে, লাই বেইজিংয়ের সার্বভৌমত্ব দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ।

এদিকে, তাইওয়ানের বিরোধীদল কুওমিনতাং-এর নেতা চেং লি-উন সম্প্রতি বেইজিং সফরে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ার আশা প্রকাশ করেন। তিনি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সমঝোতা ও সহযোগিতা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন।