ভস্মে যেন ঘি ঢাললেন নেইমার! সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোয় দেপোর্তিভো রিকোলেতার সাথে ড্র করার পর সমর্থকদের দুয়োর জবাবে মেজাজ হারালেন এই ব্রাজিলিয়ান মহাতারকা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, এক ভক্তকে ‘মোটা’ বলে ব্যক্তিগত আক্রমণ করার পাশাপাশি তাকে ‘এক মিনিটের খ্যাতি’র খোটাও দিয়েছেন নেইমার।
কোপা সুদামেরিকানার গ্রুপ পর্বের ম্যাচে প্যারাগুয়ের ক্লাব দেপোর্তিভো রিকোলেতার বিপক্ষে ফেবারিট হয়েও ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে সান্তোস। ম্যাচ শেষে মাঠের ধারেই ইএসপিএন-কে সাক্ষাৎকার দেওয়ার সময় দর্শকদের বিদ্রূপের মুখে পড়েন নেইমার। শুরুতে মুখে আঙুল দিয়ে ভক্তদের ‘চুপ’ থাকার ইশারা দিলেও শেষ পর্যন্ত নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি।
সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমরা খারাপ খেলিনি, সুযোগও তৈরি করেছি। আমাদেরও ভুল হয়। সমর্থকরা আবেগপ্রবণ হয়ে অনেক কিছু প্রত্যাশা করেন, কিন্তু ফুটবলে সবসময় বল জালে ঢোকে না।’
সাক্ষাৎকার শেষ করে ড্রেসিংরুমে ফেরার সময় উত্তেজনা চরমে পৌঁছায়। ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, এক সমর্থক নেইমারের ফিটনেস নিয়ে খোঁচা দিলে তিনি চটে গিয়ে ওই ভক্তকে ‘মোটা’ বলে সম্বোধন করেন। নেইমার তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার তো বেশি করে জিম করা উচিত। আপনি বেশ মোটা হয়ে যাচ্ছেন!’
এরপর কিছুটা এগিয়ে গিয়েও আবার ফিরে আসেন তিনি। ব্যঙ্গাত্মক সুরে ওই সমর্থককে বলেন, ‘আপনিই তো ঠিক বলেছেন, আমিই বুঝি বখে গেছি? আমি এখানে নিজের সবটুকু নিংড়ে দিচ্ছি। আপনার মতো একজনকে কথা বলার সুযোগ দিয়ে আসলে আমি আপনাকে এক মিনিটের খ্যাতি পাওয়ার ব্যবস্থা করে দিলাম।’
ব্রাজিলের ফুটবলে নেইমার এখন এক কঠিন সময়ে দাঁড়িয়ে। কোচ কার্লো আনচেলত্তির জাতীয় দলে তার জায়গা পাওয়া নিয়ে যখন বড় প্রশ্ন চিহ্ন, ঠিক তখনই খামখেয়ালি আচরণ আর সমর্থকদের সাথে প্রকাশ্য দ্বন্দ্ব তার ক্যারিয়ারকে আরও চাপের মুখে ঠেলে দিল। পারফরম্যান্স দিয়ে ভক্তদের শান্ত করার বদলে এই ব্যক্তিগত আক্রমণ হিতে বিপরীত হতে পারে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।