ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পেন, চীন, রাশিয়া, তুরস্ক, ইতালি ও মিশরের যুদ্ধবিরোধী অবস্থানের প্রশংসা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানের সময় এসব দেশ যে অবস্থান নিয়েছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, সংকটপূর্ণ ঐতিহাসিক মুহূর্তে বিভিন্ন সভ্যতার প্রকৃত অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। তাঁর মতে, ইসরায়েলি আগ্রাসন ও যুদ্ধনীতির বিরুদ্ধে এসব দেশের অবস্থান তাদের গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক মূল্যবোধের প্রতিফলন।
প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। ওই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হন বলে দাবি করা হয়।
এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ৪০ দিনের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে শতাধিক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
পরবর্তীতে ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা শুরু হলেও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। আলোচনায় ইরান ১০ দফা প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অতিরিক্ত শর্ত আরোপের কারণে সমঝোতা ব্যর্থ হয় বলে দাবি করা হয়।